• Home  
  • ঢাকা বেতার এবং জমিদার কেশবচন্দ্র
- ইতিহাস-ঐতিহ্য

ঢাকা বেতার এবং জমিদার কেশবচন্দ্র

ঢাকা বেতারের সূচনা হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। পুরান ঢাকার ৬২ নম্বর নাজিমউদ্দীন রোডের একটি ভাড়াবাড়িতে (বর্তমানে যেখানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত) ব্রডকাস্টিং হাউজ তৈরি করা হয়েছিল। উক্ত বাড়ির মালিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজির উদ্দিন। কল্যাণপুরে স্থাপন করা হয়েছিল পাঁচ কিলোওয়াট মিডিয়াম-ওয়েভ ট্রান্সমিটার, যার প্রচারসীমা রাতে ২০-২৫ মাইল ও দিনে ৩০-৪৫ মাইল বিস্তৃত ছিল। […]

ঢাকা বেতারের সূচনা হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। পুরান ঢাকার ৬২ নম্বর নাজিমউদ্দীন রোডের একটি ভাড়াবাড়িতে (বর্তমানে যেখানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত) ব্রডকাস্টিং হাউজ তৈরি করা হয়েছিল। উক্ত বাড়ির মালিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজির উদ্দিন। কল্যাণপুরে স্থাপন করা হয়েছিল পাঁচ কিলোওয়াট মিডিয়াম-ওয়েভ ট্রান্সমিটার, যার প্রচারসীমা রাতে ২০-২৫ মাইল ও দিনে ৩০-৪৫ মাইল বিস্তৃত ছিল। বর্তমানে ট্রান্সমিটারটি বেতারের জাদুঘরে সংরক্ষিত আছে।

ঢাকা বেতার পরিচালিত হতো অল ইন্ডিয়ার রেডিওর একটি কেন্দ্র হিসেবে। কিন্তু ঢাকায় বেতারকেন্দ্র স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? কার প্রচেষ্টায় কলকাতায় বেতার স্থাপনের পরপরই ঢাকায় এর একটি শাখা স্থাপিত হলো? সে ইতিহাস কালের গর্ভে হারিয়ে গেছে। কারও লেখায় সে মনীষীর নামটি উঠে আসেনি। অনেক গবেষক ও বেতারকর্মী ঢাকা বেতার নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ফিচার, নিবন্ধ ও প্রবন্ধ লিখে যাচ্ছেন; কিন্তু তাঁদের কারও লেখায় বেতার স্থাপনের পথিকৃৎ-এর নামটুকু পর্যন্ত উল্লেখ হচ্ছে না। এমনকি বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে বেতারের যে ইতিহাস লেখা হয়েছে, সেখানেও তাঁর সম্পর্কে একটি শব্দও উল্লেখ করা হয়নি। এটি কি তাঁদের উদাসীনতা, নাকি অজ্ঞতা?

বিভিন্ন তথ্য-উপাত্ত ও বই-পুস্তক ঘেঁটে জানা যায়, ভারতবর্ষে সর্বপ্রথম বেতারের কার্যক্রম শুরু হয় ১৯২৪ সালে একটি রেডিও ক্লাবের মাধ্যমে, যার প্রসার ঘটে ১৯৩৪ সালে দিল্লিতে এবং ১৯৩৬ সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে। এর তিন বছর পর, ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় বেতারের কার্যক্রম শুরু হয় ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র হিসেবে।

সে সময় মুড়াপাড়ার জমিদার রায় বাহাদুর কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দেশের আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, কুলীন-শিল্পী ও কবি-সাহিত্যিক—সবার কাছেই তিনি সম্মানিত ছিলেন। জমিদার পরিচয়ের বাইরে কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বড় পরিচয় ছিল ভারতখ্যাত তবলিয়া হিসেবে। ভারতবর্ষের এমন কোনো ওস্তাদ কিংবা শিল্পী ছিলেন না, যাঁর সঙ্গে তিনি তবলাসংগত করেননি।

‘কন্ট্রোলার অব ব্রডকাস্টিং ইন ইন্ডিয়া’ পদে সে সময় দায়িত্বে থাকা ব্রিটিশ সিভিলিয়ান কেশবচন্দ্রের একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন। তিনি তাঁর কাছে ঢাকায় একটি বেতারকেন্দ্র স্থাপনের আবেদন করেন, কিন্তু নানা কারণে তখন অনুমতি লাভ করা সম্ভব হয়নি। পরে কেশবচন্দ্র নিজে কন্ট্রোলারের সিমলাস্থ কার্যালয়ে দেখা করে ঢাকা বেতারের পথ অনেক দূর এগিয়ে নেন। পন্ডিত অজয় সিংহরায় তাঁর ‘পূর্ব বাংলার উচ্চাঙ্গ সংগীত’ গ্রন্থে উল্লেখ করেছেন— ঢাকা বেতার কেন্দ্র স্থাপন ছিল জমিদার রায় বাহাদুর কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অমরকীর্তি। ঢাকায় সংস্কৃতি তথা উচ্চাঙ্গসংগীত প্রচার, প্রসার ও প্রভাব বিস্তারের জন্য তিনি কন্ট্রোলার অব ব্রডকাস্টিং ইন ইন্ডিয়া লায়োনেল ফিল্ডেনের (Lionel Fielden) কাছে গিয়ে অনেক দিন তদবির করেন। একদিন দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করে তিনি কন্ট্রোলারকে ঢাকা বেতার কেন্দ্র স্থাপনে সম্মত করান। বেতার কেন্দ্র স্থাপনের মাধ্যমেই ঢাকা সংস্কৃতির মধ্যমণি হয়ে ওঠে।

তাঁর বিবরণ থেকে জানা যায়, এরপর থেকে কেশবচন্দ্রের ঢাকার বাড়িটি সংগীতজ্ঞদের আশ্রমে পরিণত হয়। ঐতিহাসিক সেই বাড়িটি ভেঙে কয়েক বছর আগে সেখানে কোতোয়ালি থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কলকাতা, মুর্শিদাবাদ, লখনৌ, পাটনা, মাদ্রাজ, আগ্রা, বিষ্ণুপুর ও দিল্লি থেকে বড় বড় ওস্তাদ ও পণ্ডিতা ব্যক্তিরা সে বাড়িতে এসে সংগীতচর্চা করতেন এবং নবপ্রতিষ্ঠিত বেতারে অংশগ্রহণ করতেন। ধ্রুপদীয়া ওস্তাদ ইমদাদ হোসেন খাঁ, লখনৌর প্রবীণ সেতারবাদক সফেদ খাঁর পুত্র ওস্তাদ ইশতিয়াক হুসেন খাঁ, ওস্তাদ সাখাওয়াত হুসেন খাঁ এবং ভারতখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর পিতৃব্য ও পিতৃব্যতুল্য ভারতবন্দিত ওস্তাদ কালে খাঁ জমিদার কেশবচন্দ্রের বাড়িতে সংগীতজ্ঞ হিসেবে নিয়োজিত ছিলেন।

ঢাকার কিংবদন্তীতুল্য ওস্তাদ প্রসন্ন কুমার সাহা ছিলেন কেশবচন্দ্রের তবলাশিক্ষার গুরু। প্রসন্ন কুমারের কাছেই তিনি তবলা শিক্ষা নিয়েছিলেন। তাছাড়া ঢাকার আরেক ওস্তাদ ভগবান চন্দ্র সেতারীর কাছে তিনি সেতার শিখেছিলেন। মাত্র আট বছর বয়স থেকেই তিনি ওস্তাদের কাছে দীক্ষা নিতে শুরু করেন।

সংগীতের পাশাপাশি তিনি ঢাকা জেলা বোর্ড, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, ঢাকা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীর সঙ্গে যুক্ত থেকে অনেক জনহিতকর কাজ করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার জমিদার পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔরসে ১৮৯২ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

বেতারের সাবেক কর্মকর্তা ও সাহিত্যিক খালেক বিন জয়েনউদ্দীনের একটি বিবরণ থেকে জানা যায়, ঢাকা বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে লেখা একটি বাণী পড়ে শোনানো হয়। প্রথম ঘোষক ছিলেন শ্রী ত্রিলোচন। রেকর্ডিংয়ের জন্য তখন শব্দধারণ যন্ত্র ছিল না, তাই শিল্পীদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হতো। ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত দুটি উল্লেখযোগ্য সজীব অনুষ্ঠান ছিল প্রমথেশ বড়ুয়া ও যমুনা দেবী অভিনীত নাটক ‘দেবদাস’ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সুরারোপিত ও পরিচালিত সংগীতালেখ্য ‘পূর্বাণী’। প্রথম দিকে ঢাকা কেন্দ্রের অধিবেশন চলত বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত। ঢাকা বেতারের প্রথম অধিকর্তা ছিলেন ড. অমূল্য চন্দ্র সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘নিখিল ভারত বেতার বাণী’ নামে একটি সুভেনির প্রকাশিত হয়েছিল, যাতে বিশিষ্ট ব্যক্তিবর্গের বিভিন্ন লেখা অন্তর্ভুক্ত ছিল। অতীতের সবচেয়ে শক্তিশালী এ গণমাধ্যমটির ইতিহাস জড়িয়ে আছে ‘বেতার বাংলা’ নামক একটি মুখপত্রের মাধ্যমে। ১৯৫০ সাল থেকে এর পদচারণা শুরু হয়, তখন মুখপত্রটির নাম ছিল ‘এলান’। কবি শাহাদাত হোসেন পত্রিকাটির প্রথম সম্পাদক নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ‘এলান’ নাম পরিবর্তন করে ‘বেতার বাংলা’ নামকরণ করা হয়।

বাংলাপিডিয়া সূত্রে জানা যায়, দেশভাগের পর ‘অল ইন্ডিয়া রেডিও’-র নাম পরিবর্তন করে রাখা হয় ‘পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস, ঢাকা’; পরবর্তীতে যার নাম হয় ‘রেডিও পাকিস্তান, ঢাকা’। তখন করাচি থেকে রেডিও সিগন্যাল পুনঃসম্প্রচারের লক্ষ্যে বোর্ডবাজার, গাজীপুরে গড়ে তোলা হয় একটি কারিগরি মনিটরিং কেন্দ্র। ১৯৫৪ সালে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি এক কিলোওয়াট মিডিয়াম-ওয়েভ এবং ১৯৫৯ সালে কল্যাণপুরে ১০ কিলোওয়াট মিডিয়াম-ওয়েভ ট্রান্সমিটার স্থাপন করা হয়। ১৯৬০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বেতার শাহবাগের ৬টি স্টুডিওবিশিষ্ট আধুনিক ব্রডকাস্টিং হাউজে স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালের জুলাই মাসে ঢাকা কেন্দ্র আগারগাঁওয়ে আধুনিক স্টুডিওসম্বলিত জাতীয় বেতার ভবনে স্থানান্তরিত হয়।

১৬ ডিসেম্বর ঢাকা বেতারের জন্মদিন হলেও এদিনই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বিষয়টি কাকতালীয় মনে হলেও এর ঐতিহাসিক গুরুত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একসময় বেতারই ছিল বিনোদন ও তথ্য আদান-প্রদানের একমাত্র অবলম্বন। দেশের কোথায় কী ঘটছে, তা জানার জন্য বেতারের বিকল্প ছিল না। বিশ্বের বড় বড় ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের খবর জানার জন্য মানুষ রেডিওর সামনে বসে থাকত। গান-বাজনা ও যাত্রা-নাটক শোনার জন্য শ্রোতারা রাত জেগে থাকতেন। যদিও এখন তার আবেদন খানিকটা কমে এসেছে, তবে এককালের ঢাকা বেতার আজ ‘বাংলাদেশ বেতার’ নামে সক্রিয় রয়েছে। আর ঢাকা-ক, ঢাকা-খ ও ঢাকা এফএম নামে এর কেন্দ্র রয়েছে।

Dhaka, Bangladesh

Amader Dhaka @2026. All Rights Reserved.